যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা বাতিল
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্র নবায়নে ৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিল করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নতুন বিধির কারণে মেয়াদ শেষের আগে অনুমোদন না পেলে অভিবাসীদের চাকরি সাময়িক স্থগিত হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট পুনরায় নবায়নের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে। পূর্বের নিয়ম অনুযায়ী, অনুমতিপত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নবায়নের আবেদন বিবেচনাধীন থাকলে সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ ছিল। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এই সুবিধাটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন অনুমোদন না মিললে অনেক বিদেশি কর্মীকে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে হতে পারে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এতদিন নির্দিষ্ট শ্রেণির প্রবাসীরা মেয়াদ ফুরানোর আগে আবেদন করেই এ অতিরিক্ত সুবিধা পেতেন। নতুন নীতিমালার কারণে শুধু আবেদন জমা দিলেই স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার অধিকার আর থাকবে না। মূল অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন গৃহীত না হলে এবং বিকল্প কোনো বৈধ আইনি ভিত্তি না থাকলে অভিবাসীদের কর্মঘণ্টা বা চাকরি স্থগিত রাখতে হবে।
এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রবাসীদের আয় ও কর্মসংস্থানে অনিশ্চয়তা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে যেসব নিয়োগকর্তা বৈধ কাগজের ভিত্তিতে কর্মী বহাল রাখেন, তাদের ক্ষেত্রে বিলম্বিত প্রক্রিয়া সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া নতুন বিধিতে মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন বা ছয় মাসের বেশি আগে আবেদন জমা দেওয়ার সুযোগও সংকুচিত করা হয়েছে। তাই কর্মীদের নির্ধারিত সময়ের সঠিক হিসাব রেখে পরিকল্পনা করতে হবে।
আবেদন দাখিলের পর তা অনুমোদন হতে কতদিন সময় লাগবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। ফলে একদম শেষ সময়ে এসে আবেদন করলে কাজের অনুমতি হারানোর ঝুঁকি থেকে যায়। এই পরিস্থিতিতে প্রবাসীদের নিজস্ব ওয়ার্ক পারমিটের মেয়াদ মেপে সঠিক সময়ে আবেদন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সব ধারার অনুমোদন একই বিধিতে পরিচালিত হয় না বিধায় ইউএসসিআইএস-এর হালনাগাদ নির্দেশনা পরখ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
