সবাই সমান নাগরিক, সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই: এটিএম আজহার
বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই সমান অধিকারপ্রাপ্ত নাগরিক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। তিনি গুজব প্রতিরোধ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত এক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজন নেই। নাগরিক হিসেবে প্রতিটি মানুষের সমান অধিকার বিদ্যমান।
তিনি উল্লেখ করেন, ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় এবং নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার সবার রয়েছে। বাংলাদেশে সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কেন ধর্মীয় উৎসব উদযাপনে পাহারা দেওয়ার প্রয়োজন তৈরি হচ্ছে। এই পরিস্থিতির অবসান ঘটাতে মানুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানান তিনি। একই সাথে ইসলামের নাম ভাঙিয়ে সংঘাত সৃষ্টি করে দায় ইসলামের ওপর চাপানোর অপচেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে জামায়াতের এই নেতা বলেন, ফেসবুকে দেখা কোনো খবর যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। সন্দেহজনক কিছু দেখলে পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে জানানোর তাগিদ দেন তিনি। গুজবের কারণে দেশের শান্তি বিনষ্ট হলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও যোগ করেন, চক্রান্তকারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও মো. মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
