কুয়ালালামপুরের সেলাঙ্গর আন্তর্জাতিক বিজনেস সামিটে বাংলাদেশের অংশগ্রহণ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হওয়া সেলাঙ্গর আন্তর্জাতিক বিজনেস সামিটে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রদর্শনীতে দেশের বাণিজ্য ও প্রযুক্তি খাতের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘সেলাঙ্গর ইন্টারন্যাশনাল বিজনেস সামিট ২০২৬’। গত বুধবার, ১৪ অক্টোবর সূচিত এই বৈশ্বিক সম্মেলন চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। ৪ দিন মেয়াদি আন্তর্জাতিক এই প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশন, ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩ যুক্ত হয়েছে।
সম্মেলনের বাংলাদেশ বুথে তথ্যচিত্র, ভিডিও এবং বিভিন্ন প্রকাশনার মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক খাতগুলোকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি ব্রেইন স্টেশন ২৩-এর মালয়েশীয় শাখার মাধ্যমে বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এআই ও ডিজিটাল আধুনিকায়নের সক্ষমতা তুলে ধরা হচ্ছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ফিনটেক, ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষা ও রিটেইল সেক্টরে বৈশ্বিক গ্রাহকদের সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
আয়োজনের প্রথম দিন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ বুথ পরিদর্শনে যান। সেখানে তিনি উপস্থিত উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি অংশীদার হিসেবে বর্ণনা করেন। পরে সেলাঙ্গর রাজপরিবারের যুবরাজ বুথটি পরিদর্শন করেন এবং বাংলাদেশের অংশগ্রহণকে ধন্যবাদ জানান।
১৫টি দেশের ৫২৬টি বুথ নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক দর্শনার্থীদের সামনে দেশের বাণিজ্য সম্ভাবনা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। এতে করে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তথ্যপ্রযুক্তি রপ্তানি এবং যৌথ ব্যবসার নতুন দ্বিপক্ষীয় ক্ষেত্র উন্মোচিত হবে।
