কূটনৈতিক মিশনগুলোর কর্মমূল্যায়নে কেপিআই চালুর ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন নিজস্ব শক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদে তিনি দূতাবাসগুলোর পারফরম্যান্স মূল্যায়নে কেপিআই চালুর পরিকল্পনার কথা জানান।
জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের সুদূরপ্রসারী নির্দেশনার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের পররাষ্ট্রনীতি নিজস্ব শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। পূর্বের নতজানু নীতি কাটিয়ে বাংলাদেশ এখন বৈশ্বিক দরবারে আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে।
বিদেশে শ্রমবাজার প্রসার ও প্রবাসীদের সেবায় নিয়োজিত দূতাবাসগুলোর কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য বৃদ্ধি ও আন্তর্জাতিক শ্রমবাজার অনুসন্ধানে সফল মিশনগুলোর জন্য বিশেষ পুরষ্কার প্রথা প্রবর্তনের বিষয় পর্যালোচনা করা হচ্ছে। বিগত দেড় দশকের স্থবিরতা দূর করে কূটনৈতিক মিশনগুলোর কাজে গতিশীলতা ফেরানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও জানান, দূতাবাসগুলোর জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে ‘কী পারফরম্যান্স ইন্ডিকেটর’ বা কেপিআই ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এই মানদণ্ডের ভিত্তিতেই ভবিষ্যতে মিশনগুলোর পারফরম্যান্স ও গ্রেডিং নির্ধারণ করা হবে। পাশাপাশি আগামী বাজেট পেশের সময় প্রতিটি দূতাবাসের সাফল্য ও ব্যর্থতার বিস্তারিত বিবরণ সংসদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।
একই সঙ্গে দেশের আয়তন, বৈশ্বিক কূটনীতির ব্যাপ্তি ও অর্থনৈতিক অগ্রাধিকারের তুলনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বর্তমান বাজেট বরাদ্দ অত্যন্ত অপ্রতুল বলেও অভিমত প্রকাশ করেন মন্ত্রী।
