কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও সাবাহ রাজ্যের সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ

কমিউনিটি নিউজ ১২ অক্টোবর ২০২৬ ৩০৭২

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের সঙ্গে বাণিজ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে দ্বি-পাক্ষিক সহযোগিতা বাড়াতে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি কূটনৈতিক প্রতিনিধিদল।

কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও সাবাহ রাজ্যের সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ

মালয়েশিয়ার সাবাহ রাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে কূটনৈতিক আলোচনা জোরদার করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনারের পরিচালনায় একটি প্রতিনিধিদল সাবাহর উচ্চপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক আলোচনায় অংশ নেয়। রোববারের এসব বৈঠকে সাবাহর রাজ্য সচিব, মুখ্যমন্ত্রীর সহকারী মন্ত্রী, কৃষি, মৎস্য ও খাদ্য শিল্প মন্ত্রণালয়ের উপ-স্থায়ী সচিব এবং সাবাহ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সভাপতির সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা হয়।

বৈঠকগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি ক্ষেত্রে পারস্পরিক সহায়তা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ধান চাষের আধুনিক প্রযুক্তি, উচ্চফলনশীল বীজ ব্যবহার, গভীর সমুদ্রে মৎস্য আহরণ, অ্যাকুয়াকালচার এবং সুনীল অর্থনীতি নিয়ে বিশদ মতামত বিনিময় হয়। বাংলাদেশের কৃষি প্রযুক্তির অভিজ্ঞতা সাবাহতে প্রয়োগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে যৌথ উদ্যোগের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। এছাড়া ওষুধশিল্পে কারিগরি জ্ঞান বিনিময় ও বাণিজ্যের নতুন সম্ভাবনা উন্মোচনে সাবাহ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

উভয় অঞ্চলের ব্যবসায়ী সমিতি ও বাণিজ্যিক চেম্বারগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন, বিনিয়োগ সম্প্রসারণ এবং পর্যটন উৎসাহিত করার ওপর জোর দেওয়া হয়। সাবাহতে বাংলাদেশি উদ্যোক্তা, শিক্ষাবিদ, পেশাজীবী ও পর্যটকদের যাতায়াত সহজতর করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষা, জনযোগাযোগ ও কারিগরি দক্ষতা উন্নয়নে নতুন সুযোগ খোঁজার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ হাইকমিশনের দলটি সাবাহ এসএমই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠকে মিলিত হয়। এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক মেলবন্ধন, সফল পদ্ধতি বিনিময়, উদ্যোক্তা তৈরি ও যৌথ ব্যবসায়িক প্রতিনিধি আদানপ্রদানের সুযোগ নিয়ে কথা হয়। উল্লেখ্য, গত আগস্ট মাসে সাবাহর গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠকের ধারাবাহিকতাতেই সাম্প্রতিক এই আলোচনা অনুষ্ঠিত হলো।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন