জালিয়াতির অভিযোগে মাইক্রোসফট ও অ্যাডোবির গ্রিন কার্ড আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

কমিউনিটি নিউজ ১০ অক্টোবর ২০২৬ ৪৭৩৭

গ্রিন কার্ড ও ভিসা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মাইক্রোসফটের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের আবেদন স্থগিত করেছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগ ইস্যুতে কয়েকটি বিশ্ববিদ্যালয়েও তদন্ত চলছে।

জালিয়াতির অভিযোগে মাইক্রোসফট ও অ্যাডোবির গ্রিন কার্ড আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

কর্মসংস্থানভিত্তিক স্থায়ী বসবাসের অনুমতিপত্র বা গ্রিন কার্ড প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে ট্রাম্প প্রশাসন বেশ কিছু বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের আবেদন থমকে দিয়েছে। এই তালিকার মধ্যে মাইক্রোসফট ও অ্যাডোবির মতো প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপের কথা নিশ্চিত করা হয়।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের দাবি, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান বিদেশিদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান ভিসা ব্যবস্থার অপব্যবহার করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, দেশীয় শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা এবং ভিসা প্রক্রিয়ায় অনিয়ম রোধ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। কম খরচে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে স্থানীয় নাগরিকদের সুযোগ সীমিত করা হচ্ছে বলে মার্কিন প্রশাসন অভিযোগ করেছে।

কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বিদেশি কর্মীদের জন্য প্রচুর ভিসা ও গ্রিন কার্ডের আবেদন করার অভিযোগ উঠেছে মাইক্রোসফটের বিরুদ্ধে। তবে প্রতিষ্ঠানটির দাবি, তাদের জমা দেওয়া অধিকাংশ আবেদন নতুন কর্মসংস্থানের জন্য নয়, বরং আগে থেকেই কর্মরত কর্মীদের জন্য করা হয়েছিল।

এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরি সংক্রান্ত কর্মসূচি ও জে-ওয়ান ভিসার সঠিক ব্যবহার খতিয়ে দেখতে একাধিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও তদন্ত শুরু করা হয়েছে। তবে আবেদন স্থগিতের কারণে কর্মীদের গ্রিন কার্ড একবারে বাতিল হয়ে গেছে তা নয়, তদন্তের ফলের ওপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন