ত্রয়োদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশন শুরু, প্রাধান্য পাচ্ছে কমিটি গঠন ও বিল
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট বিকেলে শুরু হচ্ছে। সংক্ষিপ্ত এই অধিবেশনে সংসদীয় কমিটি গঠন এবং সম্পত্তি হস্তান্তরসহ কয়েকটি বিল উত্থাপনকে বিশেষ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশন শুরু হচ্ছে। সংক্ষিপ্ত সময়ের এই অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটিসমূহ গঠন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশের বিষয়টি বিশেষ প্রাধান্য পাচ্ছে।
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এ অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিন স্থায়ী হতে পারে। তবে প্রয়োজনের ওপর নির্ভর করে সময়সীমা বাড়ানো হতে পারে। প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং আইন প্রণয়ন সংক্রান্ত কাজ।
চিফ হুইপ আরো জানান, অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিরোধী দল থেকে তালিকা পাওয়ার পরপরই কমিটিগুলো চূড়ান্ত করা হবে। এছাড়া সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত আনুমানিক ৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাবিত আইন উত্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর আইনে পিতা-মাতার জীবদ্দশায় তাদের স্বত্ব ও ভোগদখল নিশ্চিত করার সুযোগ রাখা হচ্ছে, যাতে সন্তানের কাছে সম্পত্তি হস্তান্তরের পর পিতা-মাতা অবহেলার শিকার না হন।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি জানান, ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। যেখানে বিএনপি থেকে ৭ জন, জামায়াত থেকে ৫ জন ও অন্যান্য দলের প্রতিনিধিদের রাখার পরিকল্পনা রয়েছে। বিরোধী দল নাম দিলে তাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে। জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে দেশের স্বার্থে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
