দিল্লি সফর বিলম্বিত: বাংলাদেশ-ভারত সম্পর্কে শেখ হাসিনা ইস্যুর প্রভাব

বাংলাদেশ ২৬ আগস্ট ২০২৬ ২৭৭৬

ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত দিল্লি সফর বারবার পিছিয়ে যাচ্ছে। তবে আগামী সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলনে তিনি যোগ দেবেন বলে আশাবাদী দিল্লি।

দিল্লি সফর বিলম্বিত: বাংলাদেশ-ভারত সম্পর্কে শেখ হাসিনা ইস্যুর প্রভাব

চলতি আগস্টের শেষাংশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত দিল্লি যাত্রা পরপর দুইবার স্থগিত হয়েছে। সফরসূচি চূড়ান্ত হওয়া সত্ত্বেও ভারতের রাষ্ট্রপতির বাসভবনে বিদেশি অতিথিকে অভ্যর্থনা জানানোর মহড়াও শেষ মুহূর্তে রদ করতে হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নিজে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সফরের নিমন্ত্রণপত্র দিয়ে এসেছিলেন।

কূটনৈতিক মহলের মতে, ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানই এই সফর পিছিয়ে যাওয়ার মূল কারণ। ঢাকা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সফরের উপযোগী আবহ তৈরি হওয়া সম্ভব নয়। অন্যদিকে দিল্লি দাবি করছে, প্রত্যর্পণের আবেদনটি তাদের বিবেচনায় রয়েছে এবং শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত, যার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।

তবে এই বিষয়ে ঢাকা ও দিল্লির মধ্যে স্পষ্ট বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। গত ৫ আগস্ট দিল্লিতে অনলাইন সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেওয়ায় ভারতের পরোক্ষ সম্মতি ছিল বলে মনে করে বাংলাদেশ। অন্যদিকে ভারতের ধারণা, শেখ হাসিনাকে দেশে ফেরালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি জটিল হতে পারে, তাই প্রত্যর্পণের দাবিকে মূলত একটি অজুহাত হিসেবে ব্যবহার করছে বিএনপি সরকার।

দিল্লি চাইছে শেখ হাসিনা বিতর্কের বাইরে রেখে দ্বিপাক্ষিক অন্যান্য বিষয নিয়ে কথা বলতে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বার্তাই পৌঁছে দেন। ভারতীয় কর্মকর্তাদের মতে, শেখ হাসিনা যেহেতু ডিসেম্বরে দেশে ফিরে বিচার মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তাই তাকে জোরপূর্বক পাঠানোর চেয়ে স্বাভাবিকভাবে ফেরার সুযোগ তৈরি করাই শ্রেয়।

গত দুই বছর ধরে থমকে থাকা নানা যৌথ প্রকল্প, গঙ্গা পানি চুক্তির মেয়াদ বৃদ্ধি ও বাণিজ্য বাধা অপসারণের কারণে ভারত চায় তারেক রহমান দ্রুত দিল্লি সফরে আসুন। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে বিমস্টেকের প্রধান হিসেবে তারেক রহমানকে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় পক্ষ আশা করছে, এই আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের একটি আলাদা বৈঠক হতে পারে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন