নেপালের বিপর্যয়কর বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

বাংলাদেশ ২৭ আগস্ট ২০২৬ ৩০৭২

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ সহায়তায় বন্ধুপ্রতীম দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নেপালের বিপর্যয়কর বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় সৃষ্ট আকস্মিক প্লাবন ও পাহাড়ি ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পাতায় দেওয়া এক বার্তায় তিনি এই শোক জানান।

বার্তায় প্রধানমন্ত্রী নেপালের সরকারপ্রধান বলেন্দ্র শাহ এবং দেশটির সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে প্রার্থনা জানানোর পাশাপাশি স্বজনহারাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন তিনি।

দুর্যোগপূর্ণ এই সময়ে নেপালের সংকট মোকাবিলায় পাশে থাকার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী জানান, যেকোনো সাহায্য ও ত্রাণ তৎপরতায় বন্ধুপ্রতীম দেশটিকে সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশের সরকার ও জনগণ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক এই প্রাকৃতিক বিপর্যয়ে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি বিদেশি পর্যটকসহ চার শতাধিক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন