নেপালে আকস্মিক বন্যায় ২৮৮ ভারতীয়সহ আটশাতাধিক মানুষ নিখোঁজ
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর তিব্বত সীমান্তবর্তী তিমুরে এলাকায় ২৮৮ জন ভারতীয় নাগরিকের সন্ধান মেলেনি। এ দুর্যোগে বিভিন্ন দেশের পাঁচ শতাধিক পর্যটকসহ আটশর বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

নেপালের তিব্বত সীমান্তবর্তী তিমুরে অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যার পর প্রায় ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, এখন পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। পুরো নেপাল জুড়ে পর্যটক ও নিরাপত্তাকর্মী মিলিয়ে অন্তত ৮২৬ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৫৭৯ জনই বিভিন্ন দেশের বিদেশি পর্যটক। তবে পূর্বের নিখোঁজ তালিকা থেকে পশ্চিমবঙ্গের দুজনসহ ২১ জন ভারতীয়কে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
নিখোঁজদের তালিকায় ভারত ছাড়াও অন্যান্য একাধিক দেশের নাগরিক রয়েছেন। নেপালের প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৪ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন পর্যটক রয়েছেন।
পশ্চিমবঙ্গ থেকে মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করা ৩২ সদস্যের একটি পুণ্যার্থী দলসহ বহু পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না। এই দলে কলকাতা, দুর্গাপুর, হুগলি ও শিলিগুড়ির একাধিক বাসিন্দা রয়েছেন। এর পাশাপাশি তামিলনাড়ুর দুটি দলের ৮৬ জন পর্যটক এবং ইশা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ৮০ জন সদস্য বন্যার পর থেকে নিখোঁজ রয়েছেন। যদিও উক্ত ফাউন্ডেশনের অন্য ৪৯৫ জন সদস্য নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়েছেন।
বর্তমানে অতি ক্ষতিগ্রস্ত নুয়াকোট ও ধুঞ্চে এলাকায় নাইট-ভিশন সুবিধাযুক্ত হেলিকপ্টার ব্যবহার করে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা পরিচালনা করা হচ্ছে। বন্যাকবলিত অঞ্চলগুলোতে বিদ্যুৎ, সড়ক ও ইন্টারনেট যোগাযোগব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ায় তথ্য পেতে বেগ পেতে হচ্ছে। দুর্গতদের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে এবং ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নেপালকে সহায়তার প্রস্তাব দিয়েছে।
