নেপালে দুর্যোগে প্রাণহানি বেড়ে ৩৫৯, এখনো নিখোঁজ প্রায় ১৪০০
নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে পৌঁছেছে। দেশটির বিভিন্ন জেলায় এখনও প্রায় ১,৪০০ মানুষ নিখোঁজ রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নেপালে অতিবৃষ্টির ফলে সৃষ্ট প্রবল বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত দেশটির আটটি জেলা থেকে উদ্ধার পাওয়া মরদেহের ওপর ভিত্তি করে মোট প্রাণহানির সংখ্যা ৩৫৯ বলে নিশ্চিত করেছে নেপাল পুলিশ। পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া এখনো অন্তত ১,৪০০ জন মানুষের কোনো সন্ধান মেলেনি।
উদ্ধার হওয়া লাশের জেলাভিত্তিক হিসাবে দেখা গেছে, চিতওয়ানে সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পূর্ব নওয়ালপরাসিতে ৮২, ধাদিংয়ে ৩৩, গোর্খায় ৩০, নুয়াকোটে ২৮, তানাহুনে ২২, রাসুয়ায় ১৭ এবং পশ্চিম নওয়ালপরাসি জেলা থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুলিশসহ অন্যান্য নিরাপত্তাবাহিনীর সদস্যরা অবিরাম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। নিখোঁজদের সনাক্তকরণ এবং কাদার স্তূপে অবরুদ্ধ হয়ে পড়া সড়কপথ চলাচলের উপযোগী করতে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহায়তায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
