ফ্লোরিডায় খুলনা প্রবাসীদের প্রথম বার্ষিক পিকনিক ও মিলনমেলা সম্পন্ন
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা বিভাগের অধিবাসীদের প্রথম বার্ষিক পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রবাসীরা পরিবারসহ অংশ নেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিয়ারফিল্ড বিচে অবস্থিত কোয়াইট ওয়াটার্স পার্কে ১১ অক্টোবর দিনব্যাপী খুলনা বিভাগের অধিবাসীদের প্রথম বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 'খুলনা ডিভিশন অব ফ্লোরিডা'-র সামাজিক উদ্যোগের এই আয়োজনে অঙ্গরাজ্যের দূর-দূরান্তের প্রবাসী পরিবারগুলো একত্র হন।
উৎসবমুখর এই কর্মসূচিতে ছিল স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা পদের বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা। এর মধ্যে বিশেষভাবে নারী ও শিশুদের যথাক্রমে মিউজিক্যাল পিলো এবং কুকিজ দৌড় সবাইকে আনন্দ জোগায়। স্বতঃস্ফূর্ত আড্ডা আর মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনটি প্রবাসীদের পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃঢ় করে।
সংগঠনের আহ্বায়ক মো. আখতারুজ্জামান পলাশ প্রবাসে নিজ অঞ্চলের মানুষকে এত বড় আয়োজনে একসঙ্গে করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং আগতদের আপ্যায়ন করতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান সদস্যসচিব মো. আরিফুল ইসলাম (আরিফ)।
উৎসবের শেষ পর্যায়ে বিভিন্ন খেলায় বিজয়ী প্রার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পরিচালনা পরিষদ ও উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ। ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য ধরে রাখতে এমন আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান আয়োজকেরা।
