বর্জ্য থেকে বিদ্যুৎ ও বস্তিবাসীর আবাসনে চীনের বিশাল বিনিয়োগ আশ্বাস
আমিনবাজারে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও ঢাকার তিনটি বস্তির উন্নয়নে ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্পে সহায়তার আশ্বাস দিয়েছে চীন। বেইজিংয়ে ২ সেপ্টেম্বর এ বিষয়ে চুক্তি হবে।

রাজধানীর আমিনবাজারের ময়লার ভাগাড় থেকে বর্জ্য ব্যবহার করে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে একটি চীনা প্রতিষ্ঠান। পরবর্তী ১৮ মাসের মধ্যে উৎপাদিত এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য স্থির করা হয়েছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় অর্থায়ন চুক্তি আগামী ২ সেপ্টেম্বর বেইজিংয়ে স্বাক্ষরিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান চীনের রাষ্ট্রদূত। বৈঠকে ঢাকা-১৭ আসন এলাকার কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দাদের পুনর্বাসনে ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্পে অর্থায়নের প্রস্তাবও বিবেচনায় নেওয়ার কথা জানায় বেইজিং। প্রস্তাবিত এই প্রকল্পে ২০ তলা ভবনে ৬০০ থেকে সাড়ে ৬০০ বর্গফুটের ইউনিটে বস্তিবাসীরা বিনা ভাড়ায় থাকতে পারবেন, তবে পানি ও বিদ্যুতের মতো সেবাগুলোর বিল তাদেরই দিতে হবে।
আন্তর্জাতিক বাজারে জনশক্তি প্রেরণের সুবিধার্থে নিখরচে ম্যান্ডারিন ভাষা শেখাতে চীনা প্রশিক্ষক পাঠানোর সিদ্ধান্তও হয়েছে বৈঠকে। এ ছাড়া মোংলা বন্দর ও চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন এবং উভয় বন্দরের মধ্যে যোগাযোগ সম্প্রসারণেও চীনা প্রতিনিধি দল আগ্রহ প্রকাশ করেছে।
