বৃষ্টিভেজা সকালে বিপাকে কর্মজীবীরা, নদীবন্দরে এক নম্বর সংকেত

বাংলাদেশ ২৬ আগস্ট ২০২৬ ২৯৬১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকালের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং কিছু নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।

বৃষ্টিভেজা সকালে বিপাকে কর্মজীবীরা, নদীবন্দরে এক নম্বর সংকেত

পবিত্র ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির দিনে সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। এতে ছুটিবিহীন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে পৌঁছাতে বেশ ভোগান্তি পোহাতে হয়। সকালের দিকে ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিকের চেয়ে কম ছিল।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ছয়টার পর থেকে বর্ষণ শুরু হয়। সংস্থাটি জানায়, দেশের পাঁচ বিভাগ—রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

গত কয়েকদিনের তীব্র গরম ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থবির হয়ে পড়া জনজীবনে এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও সকালে বের হওয়া মানুষের জন্য তা ভোগান্তির কারণ হয়। শনির আখড়া থেকে কারওয়ান বাজারে আসা মোটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান তানভীর জানান, মাঝপথে হঠাৎ বৃষ্টি নামায় ভিজে ভিজে গন্তব্যে পৌঁছাতে হয়েছে তাকে। অফিসে আসা অন্য অনেক বেসরকারি চাকরিজীবীও সমান বিপত্তির কথা জানান।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকার লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশটি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্র, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল পার হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন