ভুটানের বাংলাদেশ দূতাবাসে সাড়ম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কমিউনিটি নিউজ ৮ নভেম্বর ২০২৬ ২৭৭৬

ভুটানের থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এতে রাষ্ট্রদূত মালেকা পারভীন জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে দেশ গঠনে প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানান।

ভুটানের বাংলাদেশ দূতাবাসে সাড়ম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভুটানের রাজধানী থিম্পুস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রদূত মালেকা পারভীন, এনডিসি।

সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দূতাবাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবে অংশ নেওয়া বীর সেনাসদস্য ও জনগণের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা যেমন চিরন্তন প্রেরণা জোগায়, তেমনই ৭ নভেম্বরের বিপ্লব দেশের সার্বভৌমত্ব রক্ষায় সংহতির প্রতীক। তিনি উল্লেখ করেন, বন্দিদশা থেকে মুক্ত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের সমর্থনে দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন।

একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন