মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

কমিউনিটি নিউজ ৮ নভেম্বর ২০২৬ ২৮১৩

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার হাইকমিশনের অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচিতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের মূল অংশে দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন এবং সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ। বক্তারা দিনটিকে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দেন এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন।

হাইকমিশনার তাঁর বক্তব্যে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দেশের অর্থনীতিতে মুক্তবাজার ব্যবস্থা চালু, তৈরি পোশাক খাতের বিকাশ, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং খাল খনন ও কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের ঐতিহাসিক পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভা সমাপনীতে দেশের সার্বিক শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন