ভারতে বাংলাভাষী মুসলিম ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় জাতিসংঘের তাগিদ

বাংলাদেশ ২৬ আগস্ট ২০২৬ ৪৭০০

ভারতে বাংলাভাষী মুসলিম, দলিত ও আদিবাসীদের ওপর সহিংসতা ও বৈষম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে জাতিসংঘের একটি কমিটি। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্তের আহ্বান জানানো হয়েছে।

ভারতে বাংলাভাষী মুসলিম ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় জাতিসংঘের তাগিদ

ভারতে বাংলাভাষী মুসলমানসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও আদিবাসীদের নিরাপত্তা জোরদার করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈষম্যবিরোধী প্যানেল। বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের লক্ষ্য করে পরিচালিত বিদ্বেষমূলক অপরাধ তড়িৎ গতিতে বন্ধের তাগিদ দেওয়া হয়েছে।

জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপ সংক্রান্ত কমিটি (সিইআরডি) তাদের পর্যবেক্ষণে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বেআইনি আটক, নির্যাতন, অতিমাত্রায় বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যা ও যৌন সহিংসতার মতো অভিযোগের কথা উল্লেখ করে সেগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়।

সংস্থাটির সদস্য স্টামাতিয়া স্তাভরিনাকি জানান, দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য কমানোর ক্ষেত্রে সুস্পষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন করা জরুরি। উল্লেখ্য, আঠারো জন নিরপেক্ষ মানবাধিকার বিশেষজ্ঞকে নিয়ে গঠিত এই আন্তর্জাতিক কমিটির সুপারিশ মানতে কোনো দেশ আইনিভাবে বাধ্য না হলেও তা সংশ্লিষ্ট রাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তিতে বড় প্রভাব ফেলে।

১৯৬৯ সালে কার্যকর হওয়া সনদের আওতায় বর্তমানে ১৮২টি দেশ এতে অন্তর্ভুক্ত রয়েছে। চলতি মাসের শুরুতে ২০০৭ সালের পর প্রথমবারের মতো ভারতের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে বৈষম্যবিরোধী এই প্যানেল। সলিসিটর জেনারেল তুষার মেহতার নেতৃত্বে অংশ নেওয়া ভারতীয় প্রতিনিধি দল দেশে বিদ্যমান বহুত্ববাদ ও সাংবিধানিক সুরক্ষার বিষয়টি তুলে ধরে সবার অধিকার নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন