মালয়েশিয়ায় অভিযানের পর ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ বিদেশি

কমিউনিটি নিউজ ১৪ অক্টোবর ২০২৬ ২৮১৩

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে এক অভিযানে ১৯৯ জন বাংলাদেশিসহ মোট ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৈধ কাগজপত্র ও অভিবাসন নিয়ম মেনে চলা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় অভিযানের পর ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ বিদেশি

মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যের কুলিম এলাকার পাডাং মেহার একটি নির্মাণ প্রকল্পে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ মোট ৬৩০ জন বিদেশি নাগরিককে হেফাজতে নিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। গত সোমবার (১২ অক্টোবর) এই অভিযান পরিচালনা করা হয়।

কেদাহ অঞ্চলের ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন জানান, তল্লাশিকালে মোট ৬৯৭ জন ব্যক্তির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পরীক্ষা শেষে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৬২২ জন পুরুষ এবং আটজন নারী রয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে সর্বাধিক সংখ্যক ৩৯৬ জন চীনের নাগরিক। এছাড়া ১৯৯ জন বাংলাদেশি, ১০ জন পাকিস্তানি, সাতজন মিয়ানমারের, পাঁচজন ভারতীয়, চারজন ঘানার, তিনজন নাইজেরিয়ার, দুজন কেনিয়ার, দুজন ইন্দোনেশিয়ার এবং নিউজিল্যান্ড ও সেনেগালের একজন করে নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগের কর্মকর্তা রিদজুয়ান আরও উল্লেখ করেন যে, বিদেশি শ্রমিকদের বৈধ যাতায়াত নথি ও প্রয়োজনীয় অনুমোদনপত্র রয়েছে কি না এবং তারা অভিবাসন আইন সঠিকভাবে অনুসরণ করছেন কি না, তা পরখ করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছিল।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন