মালয়েশিয়া যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে একাংশের তীব্র প্রতিবাদ

কমিউনিটি নিউজ ১২ অক্টোবর ২০২৬ ২৯৬১

মালয়েশিয়ায় যুবদলের নতুন কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।

মালয়েশিয়া যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে একাংশের তীব্র প্রতিবাদ

মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের সদ্যঘোষিত কমিটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির বঞ্চিত ও একাংশের নেতাকর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজপথে সক্রিয় থাকা ত্যাগীদের বাদ দিয়ে অযোগ্য, জামায়াত-শিবির ও আওয়ামী লীগের সংশ্রব থাকা ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগে কুয়ালালামপুরের একটি হোটেলে ১১ অক্টোবর রবিবার তাঁরা এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত শতাধিক নেতাকর্মী উল্লেখ করেন, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার প্রক্রিয়ায় প্রবাসের মাটিতে তাঁরা বহু নির্যাতন ও আইনি হয়রানি সহ্য করে আন্দোলন চালিয়ে গেছেন। কিন্তু নতুন গঠিত কমিটিতে ৯৭ জন পদধারী নেতা ও ৪ জন সদস্য রাখা হলেও অবমূল্যায়ন করে বাদ রাখা হয়েছে প্রায় দুই শতাধিক আন্দোলনকারীকে। ঘোষিত এই পকেট কমিটিকে সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন পদবঞ্চিতরা।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অনতিবিলম্বে এ বিতর্কিত কাঠামো ভেঙে দিয়ে রাজপথের পরীক্ষিত ও যোগ্য কর্মীদের সমন্বয়ে পুনর্গঠনের দাবি উত্থাপন করেন। প্রস্তাবিত নতুন পরিষদ গঠন করা না হলে তা বর্জনের ঘোষণাও দেন তাঁরা।

কেন্দ্রীয় সিদ্ধান্ত তোয়াক্কা না করে সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রমজান আলী পকেট ভারী করতে নিজস্ব লোকদের পদায়ন করেছেন বলে অভিযোগ তোলেন শাখা যুবদলের সিনিয়র সহসভাপতি নূর সিদ্দিকী সুমন, সহসভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান ও খালিদ হাসান রিপনসহ শীর্ষ নেতৃবৃন্দ।

উক্ত সংবাদ সম্মেলনে তামিলজায়া বিএনপির উপদেষ্টা মোহাম্মদ নয়ন, শ্রমিক দলের মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ ছাড়াও যুবনেতা মেহেদী হাসান, জহিরুল ইসলাম জনি, শামীম উল্লাহ, তনু সরদার, খোকন মিয়া, মো. রুবেল, মোহাম্মদ রফিক, মো. শাজাহান, মো. রানা, মো. আল আমিন, আবুল হোসেন, মো. ইলিয়াস, মো. রমজান আলী, সুমন মুন্সি, মো. মির হোসেন, মো. ইমরান, মো. এনামুল হক সবুজ, মো. রফিকুল, মো. বাবুল, মো. আব্দুল জলিল, মো. সোহেল রানা, মো. আব্দুল মান্নান, মো. এরশাদ, মো. জাকির, মো. আব্দুল মজিদ, মো. মিল্টন, মো. রতন ও মো. মিরাজুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন