মৌসুমি বায়ুর প্রভাবে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ ২৮ আগস্ট ২০২৬ ২৭৭৬

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সাথে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমি বায়ুর প্রভাবে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর সক্রিয়তায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এই সময়ে দিন ও রাতের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত প্রসারিত রয়েছে। এটি বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।

পরিসংখ্যান অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে এবং আজ দেশের সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে। গত ২৪ ঘণ্টায় ভোর ৬টা পর্যন্ত নিকলিতে সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে এবং ভোরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আজ রাজধানীতে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ৩৯ মিনিটে সূর্যোদয় হবে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন