যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু, আগাম ভোটে রেকর্ড
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটদান শুরু হয়েছে। ইতোমধ্যে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে এবং প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণে দুই দলের তীব্র লড়াই চলছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশটির ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তথ্যানুযায়ী, ইতোমধ্যে ৫ কোটি ৮০ লাখের বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন, যা ২০২২ সালের নির্বাচনের চেয়েও অনেক বেশি।
বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল চারটার পরপরই ভারমন্ট অঙ্গরাজ্যে প্রথম কেন্দ্রটি খুলে দেওয়ার মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। পরবর্তীতে কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেন্টাকি, মেইন, নিউ জার্সি, নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যগুলো স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোট গ্রহণ চালু করে। এবার প্রতিনিধি পরিষদের সবকটি ৪৩৫টি আসনে এবং সিনেটের নিয়মিত ৩৩টি ও দুটি শূন্যসহ মোট ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালের ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের নিট চারটি করে আসন বৃদ্ধি করা প্রয়োজন। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২১৮টি ও ডেমোক্র্যাটদের ২১৪টি আসন রয়েছে। অন্যদিকে সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা ৫৩ এবং ডেমোক্র্যাট ও তাদের সহযোগীদের রয়েছে ৪৭টি।
অঙ্গরাজ্যগুলোর মধ্যে সময়ের ভিন্নতা থাকায় পর্যায়ক্রমে ভোটগ্রহণ সম্পন্ন হবে। বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটা থেকে কেন্দ্রগুলো বন্ধ হতে থাকবে এবং দুপুরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে। এরপর থেকেই বুথফেরত জরিপের ফল আসতে শুরু করবে।
