সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
সৌদি আরবের রিয়াদে কারখানায় আগুনে নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। স্বজনদের কাছে হস্তান্তর ও আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা প্রস্তুতকারী কারখানায় গত ৯ আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। তাঁদের মধ্যে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে চিহ্নিত নয়টি মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এসব মরদেহ গ্রহণ করেন। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন বাসিন্দা রয়েছেন। নওগাঁর সাতজনের মধ্যে চারজনের বাড়ি একই গ্রামে, যাদের দুজন সহোদর ভাই।
পরবর্তী ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বাকি সাতজনের পরিচয় শনাক্ত করতে সিআইডির তদারকিতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শেষ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তিনি জানান, দাফন ও পরিবহন বাবদ ৩৫ হাজার এবং আর্থিক অনুদান হিসেবে ৩ লাখসহ প্রতিটি পরিবারকে মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশেষ অ্যাম্বুলেন্সে মরদেহগুলো তাঁদের গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাকি নিহতদের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে ফিরিয়ে আনতে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দেওয়ান আলী আশরাফ এবং ঢাকায় সৌদি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইব্রাহীম আলাহমারি।
