সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল পাসে অগ্রাধিকার
জাতীয় সংসদের আসন্ন তৃতীয় অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ আইন প্রণয়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এতে সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার সংক্রান্ত বিল পেশ করা হতে পারে।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটি গঠনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, বিরোধী দল থেকে নাম পাওয়ার পরপরই এসব কমিটি চূড়ান্ত করা হবে। এই অধিবেশনটি পাঁচ, সাত কিংবা দশ দিন স্থায়ী হতে পারে, তবে প্রয়োজন সাপেক্ষে মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আসন্ন অধিবেশনে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা বিষয়ক আইনসহ প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তর আইনে বলা হয়েছে, বাবা-মা সন্তানদের সম্পত্তি লিখে দিলেও জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার তাঁদেরই থাকবে, যাতে শেষ বয়সে সন্তানের অবহেলার শিকার হতে না হয়।
সংবিধান সংশোধনের বিষয়ে চিফ হুইপ জানান, ১৭ জন সদস্য নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে বিএনপি থেকে সাতজন, জামায়াত থেকে পাঁচজন এবং অন্যান্য ছোট দল থেকে একজন করে প্রতিনিধি রাখার কথা রয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে নাম জমা দেওয়া হলে তাদেরকেও অন্তভূক্ত করা হবে। তিনি উল্লেখ করেন, জনগণের জনমত ও নির্বাচনী ইশতেহারের ওপর ভিত্তি করেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশের স্বার্থে আইন পরিবর্তন করা একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া।
সংসদে বিরোধী দলের ভূমিকার বিষয়ে তিনি বলেন, সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করা তাদের প্রধান কাজ। বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস উল্লেখ করে তিনি জানান, একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতেই কমপক্ষে দুই বছর সময় লাগে। বিগত শাসনামলের বিদ্যুৎ চুক্তির দায় দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানান।
